নাগরিকের অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করবে এনডিএ: রাজীব
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিকদের আইনগত অধিকার ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তাঁরা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে নারায়ণগঞ্জে বসবাসের ক্ষেত্রে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হলে এ পরিস্থিতি তৈরি হতো না।
চেয়ারম্যান বলেন, ‘আমাদের সংসদ সদস্য বলে গেছেন, আমাদের সীমাবদ্ধতা যথেষ্ট থাকা সত্ত্বেও যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়নগুলো সম্পন্ন হতো, তাহলে আজকে নারায়ণগঞ্জের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে বসবাসের ক্ষেত্রে, সেটা কখনোই সম্ভব হতো না।’
দীর্ঘদিনের ‘লুণ্ঠন ও অব্যবস্থাপনা’র অভিযোগ তুলে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যেই লুণ্ঠন হয়েছে, যেভাবে অব্যবস্থাপনার মাধ্যমে মানুষের মাঝে যে ধরনের একটা ভীতি সঞ্চার সৃষ্টি করেছিল। তার পুনরুদ্ধারে আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে যেভাবে নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছেন। আমরা আপনাদেরকে আমাদের এই নেতার আশীর্বাদ দিয়েই বলতে চাই, আশ্বস্ত করতে চাই, অবশ্যই নারায়ণগঞ্জ আগামী অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের যে কাঙ্ক্ষিত নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে পরিণত করার জন্য উদ্যোগ নিয়ে কাজ করব।’
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মাশুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, এনডিএকে শুধু সিটি করপোরেশন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পুরো নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটিকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর নারায়ণগঞ্জবাসী কখনোই এটা মানতে চায় না যে এটা শুধু সিটি করপোরেশনের আওতাধীন। এটা পুরো নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন। নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যে কর্মপদ্ধতি আছে, তার মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে, সেটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা।’
এনডিএর আওতা সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। তবে নতুন প্রতিষ্ঠান হিসেবে অবকাঠামো ও জনবলের ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। নতুন যেহেতু একটি প্রতিষ্ঠান, অবকাঠামোগত অনেক কিছু প্রয়োজন। আমাদের লোকবলের অভাব রয়েছে। ইনশা আল্লাহ, মাননীয় মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, অচিরেই সেই সমস্যার সমাধান করে একটি পরিকল্পিত নগরী হিসেবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ভূমিকা রাখবে।’
নাগরিক সেবা সহজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে নাগরিকদের যেন হয়রানি বা অযথা জটিলতার মুখে পড়তে না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ কাজ করবে।
চেয়ারম্যান বলেন, ‘আমি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে, আপনাদের একজন সেবক হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুরোনো ধ্যানধারণা ভুলে আপনি নারায়ণগঞ্জের নাগরিক, আপনার অধিকার সুনিশ্চিত করার জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় বদ্ধপরিকর। বিনা ঝামেলায় আপনি নিশ্চিন্ত মনে আপনার যেকোনো ধরনের চাওয়া, যেকোনো ধরনের সেবা আইনগতভাবে যেটা শুদ্ধ, সেটা আপনি বিনা ঝামেলায়, বিনা প্ররোচনায় আপনার অধিকার অবশ্যই এখানে প্রতিষ্ঠিত করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অতীতের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে, সেগুলোর পরিবর্তন ঘটিয়ে একটি সুস্থ, সুন্দর, বাসযোগ্য নাগরিক বাসস্থান নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য প্রত্যেক নাগরিকের যে সহযোগিতা করার দরকার, সেই সহযোগিতাটা যেন আমরা তাদের নিশ্চিত করতে পারি।’
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com