আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান। একই সঙ্গে ঘটনায় কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মন্টু, আবুল কালাম মোড়ল, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও শাস্তির দাবি জানান। পাশাপাশি সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবিও তোলেন তাঁরা।

বিক্ষোভের একপর্যায়ে সড়কের ওপর গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করা হয়। পরে কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিকে, রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটির তদন্ত চলছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধারের কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। সেখানে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Exit mobile version