আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট নির্দেশনা সংক্রান্ত নোটিশ ও নীতিমালা উপেক্ষা করে আসন্ন এলএলবি পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের মারাত্মক অভিযোগ উঠেছে রাজধানীর অন্যতম আইন শিক্ষা প্রতিষ্ঠান ‘ঢাকা ল কলেজ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরীক্ষার ফরম পূরণের মূল নোটিশ প্রকাশের ৬মাস আগেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হলেও, এখন ফরম পূরণের সময় এসে নতুন করে আরও ৪ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে চরম ক্ষোভ ও মানসিক চাপে পড়েছেন পরীক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পরীক্ষার ফরম পূরণের চূড়ান্ত নোটিশ দেওয়ার মাস ছয়েক আগেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের থেকে নির্ধারিত ফরম পূরণের টাকা সংগ্রহ করে নেয়। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফি সংক্রান্ত নোটিশ প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ পুনর্নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে আরও অতিরিক্ত ৪ হাজার টাকা দাবি করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। টাকা না দিলে ফরম পূরণে স্বাক্ষর দেওয়া হবে না এবং চূড়ান্ত পরীক্ষা আটকে দেওয়ার পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাধারণ শিক্ষার্থীরা।

এক ভুক্তভোগী পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে প্রতিষ্ঠানে আইন শেখানো হয়, সেখানেই আইন ও নীতিমালার চরম লঙ্ঘন হচ্ছে। নোটিশ দেওয়ার ৬মাস আগেই কলেজ আমাদের থেকে টাকা তুলে নিয়েছে। এখন আবার হঠাৎ করে জোরপূর্বক আরও ৪ হাজার টাকা চাওয়া হচ্ছে। মধ্যবিত্ত ও সাধারণ পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত টাকা দেওয়া চরম কষ্টের। প্রতিবাদ করতে গেলে ফরম পূরণ আটকে দেওয়ার ভয় দেখানো হয়।”

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণের ফি-র বাইরে কোনো কলেজের অতিরিক্ত টাকা আদায় করার সুযোগ নেই। বিশেষ করে নোটিশ প্রকাশের আগে টাকা নেওয়া এবং পরে নতুন করে বাড়তি টাকা দাবি করা বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি পরিপন্থী। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে ঢাকা ল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা।

আইন শিক্ষার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং বাড়তি ৪ হাজার টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল করে নির্ধারিত ফি-তে পরীক্ষা নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন ঢাকা ল কলেজের সাধারণ পরীক্ষার্থীরা।

Exit mobile version