আজ
|| || ||
জাবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ছাত্রদলের এই সুন্দর প্রয়াসকে কার্যকর করার ক্ষেত্রে আমরা পাশে থাকব। শিক্ষার্থীদের অংশগ্রহণ পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবলের সংকট মোকাবিলায় সহায়তা করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উৎসাহিত করবে।’
তিনি বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মীদের নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার। এ সময় তিনি হাতে থাকা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জনবলের ঘাটতি থাকলে তা পূরণে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আমরা মনে করি, ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত।’
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে।
ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.