পিবিআই গাজীপুরের তদন্তে নিহত তরুণীর পরিচয় শনাক্ত, আসামিরা আদালতে
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নাঈম গাজীপুর জেলা ব্যুরো:
প্রেমের সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডলি আক্তার নামের এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা, এরপর লাশ দ্বিখণ্ডিত করে স্যুটকেস ও বস্তায় ভরে খালে ফেলার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মিশন ইসলাম ও তার বন্ধু মিজানুর রহমান মিল্টনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা গেছে, নিহত ডলি আক্তারের সঙ্গে অভিযুক্ত মোঃ মিশন ইসলামের প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রাতে ডলি মিশনের ভাড়া বাসায় গেলে পূর্বের বিরোধ ও বিয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মিশন তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।
মিশনের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ডলিকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় লুঙ্গি দিয়ে গলায় পেঁচিয়ে ও বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ চৌকির নিচে লুকিয়ে রাখা হয়।
হত্যার পর শুরু হয় লাশ গুমের চেষ্টা। পরদিন মিশন বটি দা ও ব্লেড দিয়ে মৃতদেহটি কোমর থেকে দ্বিখণ্ডিত করে। একাংশ স্যুটকেসে এবং অপরাংশ বস্তায় ভরে বন্ধু মিজানুর রহমান মিল্টনের সহযোগিতায় ভবানীপুর ব্রিজ এলাকার খালে ফেলে দেওয়া হয়। কিন্তু অপরাধের আলামত ও তথ্যপ্রমাণ মুছে ফেলা সম্ভব হয়নি।
পিবিআইয়ের প্রযুক্তিগত বিশ্লেষণ, ক্রাইমসিন ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ এবং আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতার পরিচয় ও হত্যাকাণ্ডের পুরো ঘটনা উদঘাটিত হয়।
পিবিআই, গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার বলেন, লাশটি অজ্ঞাত ও পচনশীল হওয়ায় মৃতার পরিচয় শনাক্ত করা প্রথমে কঠিন হয়ে পড়ে। তবে ক্রাইমসিন বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সোর্সের সমন্বিত ব্যবহারের মাধ্যমে মৃতার পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, **"অপরাধী যত কৌশলেই অপরাধ সংঘটিত করুক না কেন, পেশাদার তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব।"
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com