গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৯) ও জুনাইদ (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পর তারা খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরপাড়ে ইউসুফের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যায় পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে এবং জুনাইদ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। তাদের বাবা-মা শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বিভিন্ন কারখানায় কাজ করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com