আজ
|| || ||
মিজমিজিতে ছাত্রলীগ নেতা মজনুর দাপট!
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. জাহিদ হাসান মজনুর বিরুদ্ধে এখনও দাপট দেখিয়ে চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এলাকায় সক্রিয় রয়েছেন তিনি। বাসায় অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণাতেও যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান মজনু নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া এবং থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু ভূঁইয়ার অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী গ্রেপ্তার হলেও মজনু এখনও এলাকায় অনেকটা নির্বিঘ্নে চলাফেরা করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বর্তমানে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকায় নিজের অবস্থান ধরে রেখেছেন মজনু। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট, কর্মসূচি ও প্রচারণা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি এলাকায় এতটা প্রভাব ধরে রেখেছেন।
স্থানীয়দের অভিযোগ, মিজমিজি দক্ষিণ পাড়ায় মজনুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের প্রশ্ন- আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও মিজমিজি এলাকায় ছাত্রলীগের এই নেতার এমন দাপটের পেছনে কারা রয়েছেন এবং প্রশাসনের নজরের বাইরে থেকেই বা কীভাবে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন?
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাঁরা জানান, গত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছি, তারা এখনও দাপট দেখাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে বলেও দাবি করেন স্থানীয়রা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.