১ ঘণ্টার মধ্যে সবুজবাগ থানার ওসি বদলির আদেশ বাতিল করল ডিএমপি
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬
মঙ্গলবার ডিএমপি উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুই কার্যালয় আদেশে এই তথ্য জানা যায়।
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে সাংবাদিকদের হাতে আসা ডিএমপির এক কার্যালয় আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
ওই আদেশে সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।
পরে বিকাল ৫টার দিকে নতুন আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলি এবং গোয়েন্দা তেজগাঁওয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়নের আদেশ বাতিল করা হয়। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
তবে কী কারণে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে বদলি করা হয়েছিল এবং পরে কেন অল্প সময়ের ব্যবধানে সেই আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com