অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৩:৩০ ঘটিকায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলাবাজারে ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আইন-শৃঙ্খলা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ.ন.ম. ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী।
সমাবেশে বাংলাবাজার এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ বাংলাবাজার এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরে এসব বিষয়ে কার্যকর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার মহোদয়ের সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বাংলাবাজারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী। এছাড়াও ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সুধীজন, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


