আজ
|| || ||
সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিএনপির নামধারী কিছু নেতা বিগত সময়ে অন্যদের সঙ্গে আঁতাত করে চলেছেন এবং নির্বাচনে বিএনপির বিরোধিতা করেছেন। তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর বন্দরের নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, ‘আজকে সরকার দলের ভিতরে অনেকে আছে, বিএনপির নামধারী নেতৃবৃন্দ আছে, যারা বিগত সময়ে অন্যদের সঙ্গে আঁতাত করে চলেছে। অনেকে বিগত নির্বাচনে আমাদের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা নয়, অন্য প্রার্থীকে পাশ করানোর জন্য মাঠপর্যায়ে কাজ করেছে। এই ধরনের চিহ্নিত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুঁশিয়ার থাকার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘মাত্র ছয় মাসের সরকারকে যদি পাঁচ বছর স্থায়ী করতে না পারি, তাহলে জনগণের অনেক প্রত্যাশা ধ্বংস হবে। আমাদের অবশ্যই সবাইকে নিয়ে চলতে হবে। তাহলে বিএনপির সরকার সফল হবে।’
সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যার গুণ আছে, তার সমালোচনাও আছে। আমরা যারা সরকারে আছি, জনগণের আমাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। সমস্যা আছে, সেগুলো সমাধান চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত ৪৮ বছরের সমস্যাগুলো মানুষ ভোগ করে আসছে। এখন ছয় মাসের মধ্যেই অনেকে অস্থির হয়ে পড়েছেন। মনে হচ্ছে, আকাশ থেকে ফেরেশতা নেমে এসে সব সমস্যার সমাধান করে দেবে। বিগত সময়ে তারা কোথায় ছিল, তখন তো এই যন্ত্রণা ভোগ করেনি।’
তিনি বলেন, ‘এখন রাজনৈতিক খেলা চলছে। তাই এ বিষয়ে দলের সব নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার ও সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.