আজ
|| || ||
সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকার মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৬
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরের দক্ষিণ প্লাজার খেজুরবাগান-সংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।
জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারী এসে তাঁর হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়।
ছিনতাইকারীর টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিনা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকার কাছাকাছি এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।
চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ হারানো এই শিক্ষিকার মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি রাজধানীতে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এনেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.