আজ
|| || ||
যুবলীগের পরশ, তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৬
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচার) ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগের বিষয়ে বর্তমানে দুদকে অনুসন্ধান চলছে।
আবেদনে আরো বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
দুদক কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দুদকের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন মঞ্জুর করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.