আজ
|| || ||
সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এমপির ওপর হামলার ঘটনাটি তদন্তে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি তমালকে গ্রেপ্তার করা হয়। তমাল ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এমপি আয়নুল হকের ওপর হামলার প্রধান আসামি তমালকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, এমপি আয়নুলের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক ও ভিপি শামীম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। মতবিনিময় সভা শেষে বেরিয়ে আসার সময় এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলার এজাহারভুক্ত দুই আসামি হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.