আজ
|| || ||
জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড না করার দাবি
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি ও মাইক্রোবাসের স্ট্যান্ড না করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে পৃথক আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি বা মাইক্রোবাসের স্ট্যান্ড করা হলে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি জনসাধারণ, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হবে।
তল্লা আজমেরীবাগ সবুজবাগ কায়েমপুর এলাকার বাসিন্দারা এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, ওই এলাকার আশপাশে জেলা পরিষদ ভবন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আয়কর অফিস, এলজিইডি ভবন, রেজিস্ট্রি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক, বিদেশি ক্রেতা এবং পণ্য পরিবহনের যানবাহনও চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে টেক্সি বা মাইক্রোবাসের স্ট্যান্ড করা হলে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট আরও তীব্র হবে। এতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও পণ্যবাহী কভারভ্যান চলাচলেও বিঘ্ন ঘটবে।
অন্য একটি আবেদনে কায়েমপুর এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, টেক্সি বা মাইক্রো স্ট্যান্ড স্থাপন করা হলে এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের আশঙ্কা তৈরি হতে পারে। এতে এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হবে।
এদিকে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (ডেভেলপমেন্ট) মো. মনির হোসেনের আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা, শ্রমিক, বিদেশি ব্যবসায়িক ক্রেতা এবং পণ্যবাহী কভারভ্যান প্রতিনিয়ত জেলা পরিষদ সংলগ্ন লিংক রোড ব্যবহার করে। সেখানে টেক্সি বা মাইক্রো স্ট্যান্ড হলে যানজট, শব্দ ও পরিবেশদূষণের কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনকারীরা জনস্বার্থ, পরিবেশ ও এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় কোনো ধরনের অবৈধ টেক্সি বা মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.