আজ বুধবার, আগস্ট ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ‘ক্লিনম্যান’ হিসেবে পরিচিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। এর ফলে নারায়ণগঞ্জবাসী এখন থেকে এনডিএর সেবা গ্রহণের সুযোগ পাবেন।

‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন ভবনের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করেন চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

‎‎নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)মাশুকুল ইসলাম রাজিব বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।

তিনি আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। আমি যেন তার সেই আস্থা ও বিশ্বাস নিয়ে সততার সঙ্গে আমার কার্যক্রম পরিচালনা করতে পারি।”

‎‎রাজিব আরও বলেন, “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আমার অফিস সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেবার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সেবা প্রদান করবে, যাতে কোনো সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।”

‎‎তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিকল্পিত আধুনিক আবাসন এবং অবকাঠামো নির্মাণে নারায়ণগঞ্জবাসীর সর্বাত্মক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎‎নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিব দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক আবাসন ও অবকাঠামো নির্মাণে এনডিএর কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎‎উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

‎‎প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মাসুকুল ইসলাম রাজীবকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Exit mobile version