আজ
|| || ||
শিক্ষকের প্রেমের ফাঁদে দশম শ্রেণির ছাত্রী ‘অপহৃত’—থানায় অভিযোগ মায়ের
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৬
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার সময় মেহজাবিন নেছা মীম (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়েছে। তার নিজের স্কুলের শিক্ষকই তাকে প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক তুলে নিয়ে গেছেন—এমন গুরুতর অভিযোগ এনেছেন ভুক্তভোগীর মা। রোববার শ্রীপুর মডেল থানায় লিখিত নালিশ দাখিল করে তিনি মেয়েকে উদ্ধার ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীম রাজেন্দ্রপুর মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মো. সানি আকন্দ (ওরফে সুজন) তার প্রাইভেট টিউটর ছিলেন। গত ২৬ জুলাই সকাল ৮টার দিকে মীম বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হলে আর ফিরে আসেনি। দিনগত রাতে পরিবার স্কুল থেকে জানতে পারে, মীম ওইদিন ক্লাসেই অনুপস্থিত ছিল।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক মীমকে নানা অজুহাতে প্রলোভন দেখিয়ে এবং কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন থেকেই তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্বজনরা যখন অভিযুক্তের বাড়িতে যান, তখন তাঁরা জানতে পারেন, সানি আকন্দ সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছেন। তার মুঠোফোনও তখন থেকে বন্ধ।
মায়ের ধারণা, কুচক্রী শিক্ষক মীমকে কোনো ফাঁদে ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন। আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মো. শাহীনুর জানান, "অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পুলিশ বলছে, তদন্তের পরই এ ঘটনার প্রকৃত কারণ ও ছাত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সম্প্রতি শ্রীপুরে এমন ঘটনায় স্থানীয় মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.