আজ সোমবার, আগস্ট ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ ও কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের জীবনমান উন্নত করতে হবে। মৎস্যচাষে উদ্বুদ্ধকরণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণে উদ্যোগ নিতে হবে। পানি দূষণ রোধ করে মৎস্যচাষ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ মৎস্য চাষীরা ।

আলোচনা শেষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও পদক প্রদান করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

Exit mobile version