আজ
|| || ||
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা মনিরকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। প্রকাশিত সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী পুরান থানা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রতিবাদ জানান বিএনপি নেতা মনির হোসেন।
সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, দৈনিক সচেতন পত্রিকায় আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক সুনাম ও ক্যারিয়ার ক্ষুন্ন করার অপচেষ্টায় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই অসত্য সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমার বা আমার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো অন্যায় ও অপশক্তির সাথে আপস করিনি, ভবিষ্যতেও করব না। সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা জাতির বিবেক। কোনো অসত্য বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে কাউকে হেয় প্রতিপন্ন করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না। আমি সাংবাদিক ভাইদের কাছে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া বলেন, মনির হোসেন দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বহু ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পরাজিত আওয়ামী লীগের দোসরেরা এখনো সমাজে ও রাজনীতিতে ওত পেতে আছে। তারা অবৈধ অর্থ ব্যবহার করে আমাদের দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের কেউ যদি সত্যি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তবে আপনারা নির্দ্বিধায় লিখুন। কিন্তু কোনো ভিত্তিহীন মিথ্যা তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
উক্ত প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.