রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৩
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৬
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম বড় প্রাণহানির ঘটনা। সোমবার (১০ আগস্ট) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে। সামাজিক মাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি, ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক ঘোষণা করেছেন বলে নিঝনেকামস্কের মেয়র টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন।
গত জুনের শুরুতেও এই শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন। রুশ জ্বালানি অবকাঠামোতে চাপ সৃষ্টি করতে কয়েকমাস ধরে দেশটির তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এর ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হলেও মস্কো বিদেশ থেকে জ্বালানি আমদানি করে তা মোকাবিলার চেষ্টা করছে।
এর আগে রোববারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। খারকিভে রুশ হামলায় তিনজন এবং বেলগোরোডে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com