আজ
|| || ||
পুরো নারায়ণগঞ্জ জেলা ‘গোপালী’ দিয়ে ভরে গেছে: এমপি মান্নান
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কারা, তাঁদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান।
সভায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে এমপি মান্নান বলেন, ‘এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’
এ সময় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি। এমপি মান্নান বলেন, ‘মেঘনা থেকে বা বিভিন্ন নদী থেকে যে বালুর ভলগেটগুলো প্রবেশের আগেই তাদের চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কীভাবে দেয় জানি না। এর সঙ্গে বিআইডব্লিউটিএ জড়িত।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.