আজ
|| || ||
কালিয়াকৈরে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাসটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বাসটি কালিয়াকৈর স্টেশন এলাকায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়। কিছুক্ষণ পর বাসটির ভেতর থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয় বাসিন্দা ও আশপাশে থাকা বিভিন্ন যানবাহনের চালকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.