আজ শনিবার, আগস্ট ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি-

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামে একটি বসতবাড়িতে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঈদ-পরবর্তী ছুটিতে শ্বশুরবাড়ি থেকে মেয়েরা বেড়াতে এসেছিলেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখা যায়, একদল ডাকাত ঢেঁকি দিয়ে প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে।

আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সবার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর প্রায় আধাঘণ্টা ধরে তারা ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে। প্রথমে মুখে কালো কাপড় বাঁধা চারজন ঘরে প্রবেশ করে এবং আরও চার থেকে পাঁচজন বাইরে অবস্থান নেয়। তাদের প্রত্যেকের হাতে ধারালো রামদা ও লম্বা ছুরি ছিল। তারা পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে জিম্মি করে রাখে। প্রাণের ভয়ে আমরা কেউ চিৎকার করার সাহস পাইনি।”

তিনি আরও দাবি করেন, ডাকাতরা শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসা মেয়েদের প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামালসহ আনুমানিক ৪০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version