আজ
|| || ||
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ৩টায় বৃষ্টি উপেক্ষা করে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা।
সেখান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের আচরণ সংযত করুন। আমাদের নেতাকর্মীরা আপনাদের প্রতি কোনো খারাপ আচরণ করবে না। তবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, তা দেশের মানুষ বুঝে ফেলেছে। কোনোভাবেই এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের সেবায় নিয়োজিত আছেন। বিরোধী দল যেই হোক, সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা সবার সহযোগিতা আশা করি এবং প্রয়োজনে নিজেরাও সহযোগিতা করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নাসিকের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.