আজ
|| || ||
বাংলাদেশে নতুন মাদক ‘কুশ’! সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার চালান জব্দ
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৬
সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা ১২ কেজি ‘কুশ’-এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। জব্দ করা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্য ছিল, মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজার এলাকায় ‘কুশ’ নামের মাদক বহন করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেন।
একপর্যায়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মো. তারিকুজ্জামান (২৪), পিতা–মো. ওহিদুজ্জামান, গ্রাম–কেড়াগাছি, থানা–কলারোয়া, জেলা–সাতক্ষীরাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হচ্ছে। এ ধরনের মাদক তরুণ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে উল্লেখ করেছে বিজিবি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাদকের ভয়াবহতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.