জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের চাকরিযোগ্য সদস্যদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ জুলাই বিপ্লব দুই বছর পূর্ণ করে তিন বছরে পদার্পণ করল। এই বাংলাদেশে যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের পরিবার ও ত্যাগের প্রতি আমাদের সব সময় গভীর শ্রদ্ধা রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলতে চাই, বিপদ-আপদে সিটি কর্পোরেশন সব সময় শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। শহীদদের মা-বাবা, স্ত্রী বা সন্তান এই পাঁচ ক্যাটাগরির পরিবারের চাকরিযোগ্য কেউ আবেদন করলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করা হবে।”
তিনি বলেন, আহত ব্যক্তিদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব না হলেও, যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় মূল্যায়নের চেষ্টা করা হবে।
বক্তব্যে রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে নাসিক প্রশাসক বলেন, “তারেক রহমান আজ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে ইতিবাচক পরিবর্তন আনছেন। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, আমরাও যদি তা-ই করি, তবে তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এই পরিবর্তনের জন্যই জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল।”
তিনি আরও বলেন, “অনেক সময় বিভিন্ন দলের কিছু ব্যক্তির কারণে অশালীন বক্তব্য সামনে আসে। এনসিপি, জামায়াত বা আমাদের দলেও এমন দু-একজন থাকতে পারে। কিন্তু জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা শুধু সরকারি দলের একার নয়। সরকারি দল যদি ডান চোখ হয়, তবে বিরোধী দল হলো বাম চোখ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তারিকুল ইসলাম, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।



