মেধাবী শিক্ষার্থীদের হাতে জেলা পরিষদের শিক্ষা বৃত্তির চেক
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। তিনি বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষা। মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়া করে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই জেলা পরিষদের এ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন। বক্তারা শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিধি সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)।
আয়োজকরা জানান, জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের শিক্ষা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com