প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে অবস্থান
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ।
এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। সেখানে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে শিক্ষকদের।
এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা। এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা আন্দোলনে যোগ দেন।
আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীতে এসেছেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা রয়েছে, ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি।’
এদিকে, শিক্ষক নিয়োগ নিয়ে নতুন অগ্রগতির কথাও জানিয়েছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার।
আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন করবেন তারা। রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com