আজ শনিবার, আগস্ট ১, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের জয়দেবপুর থানার বেগমপুর এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তিন যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাত প্রায় ১০টার দিকে জয়দেবপুর থানাধীন বেগমপুর এলাকার সুলতানা ডাইং ফ্যাক্টরি সংলগ্ন সরকারি শালবনের সড়কে এ ঘটনা ঘটে। হামলার শিকার হাবিবুর রহমান (২৭) বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বেগমপুর এলাকার মো. নাঈম চৌধুরী (১৯) ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার তাকে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, ঘটনার রাতে শরীফুল ইসলাম (২৮) সরকারি শালবনের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে নাঈম চৌধুরীকে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করতে দেখে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম শরীফুলকে মারধর ও হত্যার হুমকি দেন।
শরীফুলের চিৎকার শুনে তার চাচাতো ভাই হাবিবুর রহমান এবং স্থানীয় যুবক রফিকুল ইসলাম (৩১) ঘটনাস্থলে এগিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, নাঈম চৌধুরী তার সহযোগী মো. লিটন চৌধুরী (৪৫), মো. ফয়সাল চৌধুরী (২৮) এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে লাঠি, সোঁটা ও কাঠের টুকরোসহ দেশীয় অস্ত্র নিয়ে তিনজনের ওপর হামলা চালান।
হামলায় হাবিবুর রহমানের ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে। রফিকুল ইসলামকেও লাঠিপেটা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। শরীফুল ইসলামও হামলায় আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশ ও মরদেহ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, বেগমপুর এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Exit mobile version