নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।
বিভিন্ন অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন তাদের অভিভাবকরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


