আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা-৩ (দেবহাটা-কালিগঞ্জ) আসনের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শহীদ জায়েদার পুত্র আরমান এরশাদ আলমের এলাকায় আগমন উপলক্ষেও এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই) জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের শহীদ জায়েদানগর প্রাঙ্গণে দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়ের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহীদ জায়েদার স্বামী ও বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আনারুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মো. আনারুল ইসলাম,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি,৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম পাড়, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি গোলাম ফারুক বাবু প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ জায়েদা বুকের তাজা রক্ত দিয়ে ভূমিহীন মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করেছিলেন। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন আন্দোলন নতুন গতি লাভ করে এবং পরবর্তীতে তা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তারা আরও বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাতক্ষীরা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ ভূমিহীন আন্দোলনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ভূমিহীন মানুষ।
সমাবেশে বক্তারা শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.