আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক মরহুম নজরুল ইসলাম মাহবুবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুজুল হাসান হান্নান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
স্মরণসভায় বক্তারা মরহুম নজরুল ইসলাম মাহবুবের কর্মময় সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি সহকর্মীদের কাছে ছিলেন অনুকরণীয়। তাঁর অকাল প্রয়াণে শ্রীপুরের সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারিয়েছে, যার শূন্যতা আজও অনুভূত হয়।
অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাংবাদিক নজরুল ইসলাম মাহবুব ২০২১ সালের ২৬ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।

Exit mobile version