আজ
|| ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই সফর, ১৪৪৮ হিজরি
জামায়াত হতাশা থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে: কৃষক দলের সভাপতি
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে বিভিন্ন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। তিনি দাবি করেন, অতীতেও নানা ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতি থেকে সরানো সম্ভব হয়নি, ভবিষ্যতেও তা সম্ভব হবে না।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তুহিন বলেন, “যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পারেনি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের কথা বলছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না।”
তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে সংকটময় অবস্থা থেকে উত্তরণে ভূমিকা রেখেছিলেন।
হাসান জাফির তুহিন আরও দাবি করেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কাজ চলছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তবে আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি ও টাকা পাচারের সঙ্গে যুক্ত হব না।”
সম্মেলনে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্যসচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদসহ অন্যান্য নেতারা।
সম্মেলনের শেষে জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন ফতুল্লা থানা কৃষক দলের নতুন ৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেন। এতে জুয়েল আরমানকে সভাপতি এবং সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.