‘নৈতিক বিচ্যুতিতে এমপি হলেও ছাড় নেই’—গাজী নজরুল ইসলামকে নিয়ে যা বললেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২৬
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, "ঘটনার পর আমরা মেয়েটির মা, এমপি সাহেবের বড় ভাইসহ উভয় পরিবারের সদস্যদের নিয়ে বসি। সেখানে পুরো বিষয়টি শুনি। মেয়েটি স্পষ্টভাবে জানায়, সে অন্য কোথাও বিয়ে করবে না। সে বলে, 'আমি যতদিন বেঁচে থাকব, এমপি সাহেবের সেবা করেই জীবন কাটাতে চাই।' তার এই অনড় অবস্থানের কারণে বাবা-মা বাধ্য হয়ে পারিবারিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করেন।
কিন্তু আমরা মনে করি, এ ঘটনাটি একটি অনৈতিক ও অসামাজিক কাজ। আর এই কারণেই জামায়াতে ইসলামী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সংগঠনের পক্ষ থেকে এমপি সাহেবকে বহিষ্কার করা হয়েছে। কারণ জামায়াতে ইসলামী নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করে না।
একজন সাধারণ মানুষের ভুল আর একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির ভুল এক নয়। একজন সাধারণ ব্যক্তি যদি কোনো ভুল করেন, আর একজন মসজিদের ইমাম যদি একই ভুল করেন—দুই ক্ষেত্রেই কাজটি ভুল, কিন্তু সমাজ ইমামের ভুলকে আরও গুরুতরভাবে দেখে। কারণ তিনি মানুষের জন্য অনুসরণীয় ব্যক্তি। একইভাবে একজন সংসদ সদস্য বা নেতৃত্বের পর্যায়ের ব্যক্তির কাছ থেকেও মানুষ উচ্চতর নৈতিক মান প্রত্যাশা করে।
আমরা শ্যামনগরের জনগণকে এ কথাই জানিয়েছি যে, তিনি যে অবস্থানে ছিলেন, সেই অবস্থানে থেকে এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য কোনো সাধারণ ব্যক্তি হলে হয়তো মানুষ ভিন্নভাবে বিষয়টি বিবেচনা করত। কিন্তু একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে কারণেই সংগঠন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
জামায়াতে ইসলামী নৈতিকতা, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দলীয় পরিচয়, পদ-পদবি বা ব্যক্তিগত প্রভাব—কোনোটিই অনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। যে-ই নীতিমালা ভঙ্গ করবে, সংগঠন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সবশেষে আমি শিবপুর ইউনিয়নসহ পুরো এলাকার মানুষের কাছে দোয়া চাই। এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়ন এবং মানুষের কল্যাণে আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন।"
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com