আজ
|| ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৮ হিজরি
উন্নয়নকাজে ত্রুটি দেখলে আমাকে জানাবেন: এমপি আল আমিন
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “যেকোনো উন্নয়নকাজের মান নিয়ে সচেতন থাকবেন। কোথাও ত্রুটি দেখলে আমাকে জানাবেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। কাজের মানের সঙ্গে কোনো আপস করা হবে না।”
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশের শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কটির সংস্কারের পর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘবছর সংস্কারের অভাবে ঝুঁকিতে এ সড়কটি দিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। স্থানীয় দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের হস্তক্ষেপে এ সড়কটির সংস্কার কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। ৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে মাত্র দেড় মাসের ব্যবধানে ২ কিলোমিটারের সড়কটির সংস্কার কাজ শেষ করে সংস্থাটি।
সংস্কারের পর সড়কটির উদ্বোধনের দিন আব্দুল্লাহ আল আমিন বলেন, “পোস্ট অফিস থেকে শিবু মার্কেট সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ও অবহেলিত ছিল। এবং স্থানীয়দের দাবি ছিল যে ড্রেন ও রাস্তা একসঙ্গে করতে পারি কিনা। কিন্তু আমাদের সীমিত সক্ষমতায় এলজিইডি একসঙ্গে করতে পারেনি। কিন্তু জায়গা আছে আমরা ড্রেন ইনশাআল্লাহ করবো।”
তিনি আরও বলেন, “অতিদ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন হয়েছে। আমরা মনে করি, এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং এই ঐক্য যদি ধরে রাখি তাহলে নারায়ণগঞ্জ সুন্দর শহরে পরিণত হবে। একই সঙ্গে আমরা চাই না কোন আসন ভিত্তিক কোন ধরনের বৈষম্য হোক। এবং অতীতে যেমন দেখেছি ফ্যাসিস্ট আমলে তার ধারাবাহিকতা আমরা চাই না।”
“আমরা চাই প্রত্যেকটি আসনে রাষ্ট্রীয় কোষাগারের টাকা জনগণের অধিকার, জনগণ উপযুক্তটা পেলে জনগণের সেবায় কাজ করা যাবে। এটাই আমাদের দাবি। এটাই বাস্তবায়ন হবে।”
সড়কটির সংস্কার কাজের শুরুর দিকে কিছু ‘ত্রুটি’ থাকায় এটি বন্ধ করে দেবার কথা উল্লেখ করে এমপি বলেন, “এরপরে আবার কাজের মান নিয়ন্ত্রণ করে কাজটি করা হয়েছে।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “যেকোনো কাজের মান নিয়ে দৃষ্টি রাখবেন। আমরাও রাখছি। জালকুড়ি থেকে পাগলা রাস্তাসহ বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। এসব জায়গায় সচেতন থাকবেন যেন কোনভাবে কাজের মানের ত্রুটি না হয়। এবং ত্রুটি পেলেই আমাকে জানাবেন। এছাড়াও আমি নিজেই পরিদর্শন করছি। ইনশাআল্লাহ আমরা কাজের গতিতে কোন ধরনের আপস করবো না। আমরা সবাই মিলে চাইলে একটি সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.