আজ
|| ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
স্ত্রীকে হত্যার পর পলায়ন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার স্বামী
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৬
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করার পাশাপাশি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাছিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলশাপুর (বনপাড়া) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। প্রায় ১০ থেকে ১২ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঐরাগাই (গিদ্দাপাড়া বড়বাড়ী) এলাকার লাল হোসেনের ছেলে ছায়েদুল ইসলাম ওরফে মো. সাইদুর রহমান (৪৪)-এর সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সী এক কন্যা ও পাঁচ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। দম্পতি গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মজনু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। নাছিমা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে সাইদুর রহমান ধারালো অস্ত্র দিয়ে নাছিমা আক্তারের বুক ও পেটে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মাসুম মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় শ্রীপুর থানার এসআই (নিরস্ত্র) সাদী মোহাম্মদকে।
ঘটনার পরপরই গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানা পুলিশের একাধিক আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ১৩ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে কেনাকাটা গলির সামনে থেকে অভিযুক্ত সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। পরে মঙ্গলবার (১৪ জুলাই) আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে ঘটনার সব দিক উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.