আজ
|| ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
গাজীপুরে মাদক, জুয়া ও সংঘবদ্ধ অপরাধ দমনে ডিবিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ পুলিশ কমিশনারের
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২৬
গাজীপুর প্রতিনিধি-
গাজীপুর মহানগরে মাদক, জুয়া, সন্ত্রাস, সাইবার অপরাধ, ভিসা জালিয়াতি, হানি ট্র্যাপ, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
রোববার (১২ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফিসহ), অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত চক্র, হানি ট্র্যাপ, ভিসা জালিয়াতি, বিভিন্ন ধরনের প্রতারণা, মাদক তৈরির কারখানা এবং ভেজাল মসলা, ওষুধসহ সব ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি সংস্কারকৃত আইন, বিশেষ করে সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন কার্যকরভাবে বাস্তবায়নে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অপরাধ দমনে প্রয়োজন হলে ছদ্মবেশে অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশ কমিশনার মহানগরজুড়ে ২৪ ঘণ্টা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি, হানি ট্র্যাপ, স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার।
সভায় মহানগর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর গোয়েন্দা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.