আজ
|| ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার ফ্রেশ সয়াবিন তেল উদ্ধার, চালক গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্টভ্যান জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত কাভার্টভ্যান মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কাভার্টভ্যান চালক আল আমিন গাজীকে গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ জুলাই সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কাভার্টভ্যান (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল নিয়ে রওনা হয়।তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্টভ্যান চালক আল আমিন গাজী ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে পরদিন মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর সোনারগাঁ পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এক পর্যায়ে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্টভ্যান ছিনতাইয়ে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.