বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার করা নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেছে পুলিশ। অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে এবং একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে সেটি ফেরত দেওয়া হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভুইয়া।
ওসি আরও বলেন, তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা করেছেন। সেতু ভুইয়াসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের দাবি, ঘটনার পরপরই ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে।



