আজ শনিবার, জুলাই ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার চলমান সময়ে গাজীপুরের ধলাদিয়া কেন্দ্রে আজকের পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীরা জানিয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়েছে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় ধলাদিয়া কেন্দ্রে মোট ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৮৩৭ জন।ধলাদিয়া কলেজের অধ্যক্ষ জনাব মোঃ বোরহান কবির মিলন জানান, ‘আজকের পরীক্ষায় কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে সবকিছু স্বাভাবিক ছিল। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং নকলের কোনো উপকরণ প্রবেশ করানো যায়নি। কেন্দ্রের ভেতরে এবং বাইরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছিল।’

পরীক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। ধলাদিয়া সরকারি কলেজের পরীক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি। আজকের পরীক্ষার প্রশ্ন ছিল পাঠ্যসূচির মধ্যে। কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা ছিল না, তাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পেরেছি।’

অপর এক পরীক্ষার্থী সাবরিনা আক্তার বলেন, ‘প্রথমে প্রশ্নপত্র ফাঁসের গুজবে আমরা চিন্তিত ছিলাম, কিন্তু কেন্দ্রে এসে দেখলাম সবকিছু খুব শৃঙ্খলাপূর্ণ। বসার ব্যবস্থা, ঘরের তাপমাত্রা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা ভালো ছিল।’

জেলা শিক্ষা অফিসার মো. মোঃ আল মামুন তালুকদার জানান, ধলাদিয়া কেন্দ্রকে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালেও ধলাদিয়া কেন্দ্রে আমাদের ভিজিল্যান্স টিম সক্রিয় ছিল। আজকের পরীক্ষায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’

এদিকে কেন্দ্রের বাইরে অভিভাবক ও স্থানীয়রা শান্তিপূর্ণ পরিবেশ দেখে স্বস্তি প্রকাশ করেছেন। অভিভাবক আবদুল হালিম বলেন, ‘আমার মেয়ে আজ পরীক্ষা দিয়েছে। কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে নিশ্চিত হয়েছি যে এইচএসসি পরীক্ষা সঠিকভাবে হচ্ছে।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বেশ কিছু গুজব ছড়ালেও এদিন ধলাদিয়া কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি দিনগুলোতেও এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Exit mobile version