সাতক্ষীরা প্রতিনিধি: গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা শাখা।
বুধবার (১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল।
বক্তারা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান, শ্যামনগর পৌর শাখার সেক্রেটারি আবু জাফরসহ জেলা ও বিভিন্ন উপ-শাখার নেতাকর্মীরা।


