আজ বুধবার, জুলাই ১, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবা প্রত্যাশীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ব্যক্তিগত ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন জেলা প্রশাসক মো:রায়হান কবির।

বুধবার (১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর প্রশাসনিক সেবা পৌঁছে দিতে এবং নাগরিকদের অভিযোগ সরাসরি গ্রহণের মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করতে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ গণশুনানি নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, নামজারি, খাসজমি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিভিন্ন সরকারি সেবা, প্রশাসনিক হয়রানি, অবকাঠামোগত সমস্যা এবং অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিযোগ ও আবেদন উপস্থাপন করেন।

প্রতিটি অভিযোগ মনোযোগসহকারে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যেসব অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য ছিল, সেগুলোর দ্রুত সমাধান করা হয়। আর যেসব বিষয়ে অধিকতর তদন্ত বা প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমানো এবং নাগরিকদের ভোগান্তি হ্রাস করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যেন কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যা তুলে ধরতে পারেন, সে পরিবেশ তৈরি করাই জেলা প্রশাসনের লক্ষ্য।

তিনি আরও বলেন, গণশুনানির মাধ্যমে মানুষের কথা সরাসরি শোনা হলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়। একই সঙ্গে এতে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বৃদ্ধি পায়। জনগণের আস্থা অর্জনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গণশুনানিতে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের গণশুনানি অব্যাহত থাকবে। এর মাধ্যমে জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি নাগরিকবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তারা আশা করছেন।

Exit mobile version