গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় দুই সন্তানকে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাইয়ুম মীর (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩৪) বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কাইয়ুম মীর সদর উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। অভিযোগ অনুযায়ী, তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী জানান, গত ২৪ জুন রাতে তিনি তাঁর ১৩ বছর বয়সী মেয়ে ও চার মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কাইয়ুম মীর তাঁর বাড়িতে গিয়ে দাবি করেন, একটি রাজনৈতিক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছে এবং তিনি পালিয়ে এসেছেন। তিনি ওই রাতে আশ্রয় প্রার্থনা করলে, প্রথমে রাজি না হলেও মানবিক কারণে তাঁকে ঘরে থাকতে দেন ওই নারী।
অভিযোগে আরও বলা হয়, রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত নারীকে কুপ্রস্তাব দেন। তিনি এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বঁটি চার মাস বয়সী শিশুপুত্রের গলায় ধরে হত্যা এবং ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করার হুমকি দেন। সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে একপর্যায়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কাইয়ুম মীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান ও আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।


