আজ
|| ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা সফর, ১৪৪৮ হিজরি
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় অধিকারের মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
অধিকার সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গুম ও নির্যাতনের শিকার টিপু সুলতান, গুলিবিদ্ধ ও নির্যাতনের শিকার ইমরান হোসেন, তাহেরুন সুলতানা ও তানজিলা। এ সময় অধিকার সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভিন্নমতাবলম্বীদের কেউই নিরাপদ ছিলেন না। তাঁদের অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে অপহরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও দমন-পীড়নের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। তাঁরা বলেন, মানবাধিকার রক্ষায় দেশে গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ২৬ জুন ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’। ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন গ্রহণ করে। ১৯৮৭ সালের ২৬ জুন কনভেনশনটি কার্যকর হয় এবং পরবর্তীতে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
তাঁরা উল্লেখ করেন, বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনে অনুসমর্থন করে। কনভেনশন অনুযায়ী নির্যাতনকে জাতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার অঙ্গীকার করা হলেও বাস্তবে নির্যাতন প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন থেকে বক্তারা নির্যাতনবিরোধী আইন ও আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন, একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.