সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। ফলে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ এখানে স্থানান্তরিত হবে এবং রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে।
বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু অংশ কেরানীগঞ্জ এবং অন্য অংশ নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ছয় মাসের মধ্যেই এই টার্মিনালের সার্বিক কার্যক্রম সম্পন্ন করে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে তীব্র যানজটে ভোগান্তির মাধ্যমে। বর্তমান সরকার সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা-সিলেট হাইওয়ের চার লেনে উন্নীতকরণের কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন কাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া যুক্ত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে সড়কে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


