আজ
|| ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
এক বক্তব্য ঘিরে বিতর্ক, প্রতিবাদে সরব সাতক্ষীরার আলেম-ওলামা
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৬
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে প্রতিবাদে সরব হয়েছেন জেলার আলেম-ওলামারা। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্যে সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা বক্তব্যটি প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ লালন করে আসছে। কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসকের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.