আজ
|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীপুরে বিয়ের নথিপত্র জালিয়াতি ও ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬
গাজীপুরের শ্রীপুর থানায় এক যুবকের বিরুদ্ধে বিয়ের মূল নথিপত্র ও জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক সন্তানের জননী (৩৪) নিজেই বাদী হয়ে শ্রীপুর থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত যুবকের নাম মো. সজিব (২৭)। সে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াতেকী গ্রামের মো. বিল্লাল হোসেন পলানের ছেলে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে তার স্বামীর পারিবারিক মনমালিন্য চললে একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে সজিবের সাথে তার পরিচয় হয়। সজিব তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করে। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে সজিব ওই নারীকে তার কাবিননামা, আইডি কার্ড ও ছবির মূল কপিসহ নালিয়াতেকী এলাকায় অবস্থিত তার 'ওয়ার্ল্ড ট্রিপ ট্রাভেল' নামক অফিসে আসতে বলে। সেখানে সরল বিশ্বাসে গেলে সজিব কৌশলে কিছু খালি কাগজে ওই নারীর স্বাক্ষর ও টিপসই নিয়ে নেয়। পরবর্তীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে মানহানির হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে সজিবের কাছে থাকা নথিপত্র ও ধারণকৃত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। এরপর গত ৪ এপ্রিল ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী নারী তার কাগজপত্র ফেরত ও ভিডিও ডিলিট করার দাবিতে সজিবের অফিসে ও বাড়িতে গেলে তাকে পুনরায় প্রতারণার শিকার হতে হয় এবং জোরপূর্বক পুনরায় ধর্ষণ ও হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামী ও পরিবারকে জানান এবং পরিবারের সহায়তায় সজিবের কাছ থেকে নথিপত্র উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.