আজ
|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৬
বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে রাশেদ খান মেনন (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খানবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মামলার এজাহারভুক্ত আসামি রাশেদ খান মেননকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রোববার বিকেল ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির পেছনের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। দেয়াল পার হওয়ার পর পাশের একটি ড্রেনের স্লাবের ওপর পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সায়েল খান জানান, পুলিশ বাড়িতে আসার পর তার মা তাকে বাসা থেকে সরে যেতে বলেন। কিছুক্ষণ পর ফোনে জানতে পারেন, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীব কুমার নাথ বলেন, রাশেদ খান মেনন দুটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, তিনি বাসায় নেই। পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। পরবর্তীতে জানা যায় পালানোর সময় পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ ইমদাদ হুসাইন বলেন, রাশেদ খান মেনন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে খুঁজতে পুলিশ তার বাড়িতে গিয়ে না পেয়ে ফিরে আসে। পরে জানা যায়, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.