গাইবান্ধার সাঘাটায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্থানীয় শিবির নেতা সাইফুল্লাহ বারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বোনারপাড়া চৌরাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় যুবক আশরাফ, বোনারপাড়া যুবদলের সভাপতি মুকুল, পলাশ ও রবিউল বোনারপাড়ার চার মাথার উপজেলার দক্ষিণ গেটে ধারালো ছুরি দিয়ে সাইফুল্লাহকে আঘাত করে। এ সময় গুরুতর আহত সাইফুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে।
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলকে দল থেকে বহিষ্কার করা হবে।
গাইবান্ধা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফেরদাউস সরকার রুম্মন বলেন, সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com