আজ
|| ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আবারও দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন।
সোমবার (১৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সেবার মানোন্নয়ন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তার ঐতিহ্যবাহী অবস্থানে ফিরিয়ে নেওয়াই হবে প্রধান লক্ষ্য।
মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের শেয়ারহোল্ডারদের পাশাপাশি আমানতকারীরাই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের আমানতের ওপর ভিত্তি করেই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। তাই আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, তাদের আস্থা অটুট রাখা এবং সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।’
তিনি বলেন, ‘আজ থেকে ইসলামী ব্যাংকের জন্য একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা ও প্রত্যাশার কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ব্যাংকের পরিচালনা পর্ষদ সার্বিক কার্যক্রম স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেবে জানিয়ে তিনি বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং লেনদেন স্বাভাবিকভাবে চলবে।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংককে আমরা আবারও দেশের অন্যতম সেরা ও সর্বাধিক আস্থার ব্যাংক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’
সংবাদ সম্মেলনে তিনি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.