আজ
|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন, প্রতিবাদে ছাত্রলীগের মিছিল
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেন।
এ ঘটনার পর দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উভয়পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।
জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেসবুকে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ঘটনাস্থলে গিয়ে কেউকে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.